বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী (৫৯) মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট এসেছিল। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন ডা. নির্মলেন্দু। ৩ আগস্ট পজিটিভ রিপোর্ট আসে। ৫ আগস্ট অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ১৩ দিন পর তার করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু ফুসফুসের সমস্যা থাকায় ১৮ আগস্ট ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২২ আগস্ট তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ রাতেই বগুড়ার দুপাঁচিয়া উপজেলায় নেয়া হবে। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।
বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল করোনাভাইরাসের সংক্রমণে ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বিএমএ বগুড়া শাখার সদস্য ছিলেন।
এদিকে, ডা. নির্মলেন্দুর মৃত্যুতে বিএমএ বগুড়া শাখার পক্ষে সভাপতি ডা. মো. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল, সহ-সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম ও ডা. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ ডা. সামির হোসেন মিশু, যুগ্ম সম্পাদক ডা. মনিরুজ্জামান আশরাফ বিপুল শোক জানিয়েছেন।










