ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে ঘটনাস্থলেই দুজন এবং পরে আরো একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন— আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। এছাড়া আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরো দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। ফলে এ দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো একজনকে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে এ দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।
মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।










