যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি নাশকতার মামলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবুসহ দলটির ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে শুনানি শেষে যশোর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জয়ন্তী রানী দাস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে সন্ধ্যায় যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের শতদল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মিসভা করার প্রস্তুতি চলছিল বিএনপির। পুলিশ সেখানে কোনো কর্মী সমাবেশ করা যাবে না বলে স্থানীয় ছয় নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করে। আর ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, বোমা, ইটের টুকরো ও লাঠিসোঁটা উদ্ধারের দাবি করে পরদিন কোতোয়ালি মডেল থানার এসআই জয় বালা বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন।










