চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাংচুর ও হামলার মামলায় গ্রেফতার ৩৯০ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক কয়েকটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিকে রাজধানীর তিন থানায় পৃথক মামলায় প্রায় ১০ হাজার অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় ১৯১ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ছয় আনসার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে অন্তত তিন হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রোববার রাজপথ অবরোধ করে রাখেন আনসার সদস্যরা। একপর্যায়ে সচিবালয়ের সামনে রোববার রাত ৯টার দিকে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে অসংখ্য পথচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা গুরুতর আহত হন। আনসার সদস্যরা রাস্তার ওপর আগুন ধরিয়ে দেন এবং রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি ভাংচুর করতে থাকেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান জানান, তিন থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।