বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত রিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ সোমবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সদর উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৈটপুর এলাকা দিয়ে বাগেরহাটগামী একটি রিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক ধাক্কা দেয়। একই সময় একটি অ্যাম্বুলেন্সেও ট্রাকের ধাক্কা লাগে। রোগীবাহি বাহনটি এ সময় খাদে পড়ে যায়। এ সময় ইঞ্জিনচালিত রিকশার এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই যাত্রী ও অ্যাম্বুলেন্সের দুই আরোহী।
অ্যাম্বুলেন্সের দুই আরোহীকে তাৎক্ষণিক খুলনা ইসলামিক হাসপাতালে পাঠানো হয়। ইঞ্জিনচালিত রিকশার আরোহীদের বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।
ঘটনাস্থলে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। অপরজনের নাম লুৎফর সরদার (৫৫)। তিনি রিকশাটির চালক। বাস করতেন কচুয়া উপজেলার দোবারিয়া গ্রামে।
আহত রিকশার যাত্রী শুকুর এলাইচ রাসেলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায়। অ্যাম্বুলেন্সের আহত দুজনের নাম নাজমা ও নার্গিস। তাদের বাড়ি মঠবাড়িয়ায়।
অ্যম্বুলেন্স চালক মো. মিলন জানান, ঘাতক ট্রাকটি খুব দ্রুত চালানো হচ্ছিল। পরে সেটি একটি রিকশাকে চাপা দিয়ে আম্বুলেন্সে ধাক্কা দেয়। দুর্ঘটনা থেকে অ্যাম্বুলেন্সটিকে রক্ষা করতে তিনি রাস্তার পাশে সরে আসার চেষ্টা করেন। কিন্তু সক্ষম হননি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। আহত দুজনকে এ্যাম্বুলেন্সে করে খুলনা পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত একজন বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুটি মরদেহ উদ্ধার করেছি আমরা। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতক ট্রাক চালককে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
বাগেরহাটে রিকশা-অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, নিহত ২
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত রিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ সোমবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সদর উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।










