ভোটের সময় নির্বাচনী কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে তাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে, স্থানীয় প্রার্থীদের সঙ্গে সম্ভাব্য ‘সহযোগিতা’ বা প্রভাবিত হওয়ার ঝুঁকি কমাতে কর্মকর্তাদের জন্য ‘আর্থিক প্রণোদনার ব্যবস্থাও’ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে ৩৪টি বিভাগের সঙ্গে সমন্বয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
অতীতে কিছু কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় প্রার্থীদের ‘সহযোগিতা’ বা পক্ষপাতমূলক আচরণের অভিযোগের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অতীতে আমরা নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী প্রার্থীদের নানা সহযোগিতামূলক কার্যক্রম দোখেছি। তাই এবার নির্বাচনী কর্মকর্তাদের ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে, এছাড়াও তাদের এককালীন আর্থিক প্রণোদনা দেয়া হবে, যাতে স্থানীয় প্রার্থীদের সঙ্গে কোলাবরেট না করে।
সচিব আরো বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আর্থিকভাবে তাদের প্রণোদিত করা হলে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা সহজ হবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে সাত লাখের বেশি কর্মকর্তা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
ইসি মনে করছে, উপযুক্ত আর্থিক প্যাকেজ নিশ্চিত করা গেলে’ মাঠপর্যায়ের কর্মকর্তারা আরো পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় পর্যায়ের রাজনৈতিক প্রভাব থেকে নিজেদের দূরে রাখতে পারবেন।










