রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কাঠালতলী এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাইক আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মোশারফ হোসেন (৩৯) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এলজিন শহরের চম্পকনগরের এবং মোশারফ রিজার্ভবাজারের বাসিন্দা।

প্রায় একই সময়ে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় মোটর সাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটর সাইকেলের আরেক আরোহী সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হয়েছেন। 

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুভা চাকমা তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, রাঙামাটি শহরের দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং কুতুকছড়ির দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত এবং আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। 

কোতয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন, দুটি দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। শহরের দুর্ঘটনাকবিলত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। এখন নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে’