নবীন শিক্ষার্থীদের উদ্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘লক্ষ্য অর্জনে স্থির থাকো। তুমি যদি নিজেকে সাহায্য করতে না পারো, তাহলে অন্যকেও সাহায্য করতে পারবে না। পরিশ্রমের মাধ্যমেই নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলো।

গতকাল বিকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস’ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস উপলক্ষে সকালে বিভাগটির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘তোমরা যদি নিজেদের তৈরি করতে চাও, তাহলে কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্যই আসবে না। ভালো টিম গঠনের মাধ্যমেই জীবনের অনেক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা যায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যবিপ্রবি গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখানেই আন্তর্জাতিক মানের গবেষণা সম্পন্ন হচ্ছে। এ বিভাগের শিক্ষকরা গবেষণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ সভাপতির বক্তব্যে বলেন, ‘অণুজীব বিজ্ঞানের বাংলাদেশ তথা বিশ্বে অনেক প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে করোনা মহামারীর সময় তা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ওষুধ ও খাদ্য শিল্পে যবিপ্রবির গ্র্যাজুয়েটদের বিশেষ মূল্যায়ন রয়েছে, কারণ আমাদের কারিকুলাম আধুনিক ও ব্যবহারিক শিক্ষা সময়পোযোগী। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যোগ্যরাই টিকে থাকবে। সুতরাং দক্ষতা অর্জনের বিকল্প নেই।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তী, হুমায়রা আনজুমী, সুমাইয়া আফনান জাহিন, প্রথম বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা খাতুন প্রমুখ।