বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সরকার বনাম সরকার’। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, আমরা এরকম সাজানো নির্বাচনে আর যাবো না। তৃণমূল বিএনপি রাজপথে ছিল, রাজপথেই রাজনীতি করবে। আমাদের দলের চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সব ক্যান্ডিডেটকে ঢাকায় ডাকব, তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব।

নির্বাচনী ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রূপগঞ্জে সব ভূমিদস্যুরা আমার বিরুদ্ধে একাট্টা ছিল। তারা মনে করেছে তৈমুর আলম খন্দকার ক্ষমতায় আসলে তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। শুরু থেকেই আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থানে ছিলাম। দুঃখজনক ব্যাপার হলো, যাদের জমি নিয়ে গেল তারাও ভয়ে-আতঙ্কে এগিয়ে আসেনি। এ দেশে আমাদের প্রজন্মের পক্ষে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম দেশকে ঠিক করতে পারে। কারণ যারা ক্ষমতায় আছে তারা মনে করে নির্বাচনে হেরে গেলেই জেলে যেতে হবে। বাংলাদেশে সিস্টেমই এটা। যে ক্ষমতায় যায় তার প্রতিপক্ষকে জেলে ভরে দেয়।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকে না বলে মন্তব্য করে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনটাকে যেভাবে কুক্ষিগত করা হয়েছে তাতে নির্বাচন কমিশনের সাধারণত কোনো ক্ষমতা নেই। তাদের কোনো জনবল নেই, তারা প্রশাসনের ওপর নির্ভর করে। প্রশাসনও সরকারের আজ্ঞাবহ থাকে। সংবিধানের ৪৮ এর ‘গ’ ধারা অনুযায়ী এ দেশের একমাত্র ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী। সিইসির সচিবের বক্তব্য আপনারা শুনেছেন। তার বক্তব্যে কী মনে হয় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হইছে? তিনি তো বলছেন, ডিসিদের কাছে তো ম্যাসেজ চলে গেছে। সিইসি থেকেই সব প্রকাশ পেয়ে গেছে।