বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আমাদের স্কুল ফিডিংয়ে দুধ দেয়া হচ্ছে, সেখানে ডিমও অন্তর্ভুক্ত করা জরুরি। অনেক দরিদ্র শিশু পর্যাপ্ত পুষ্টি পায় না—তাদের অপুষ্টি দূরীকরণে স্কুলের খাবার তালিকায় ডিম যোগ করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) প্রাণিসম্পদ অধিদপ্তর, পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

WhatsApp Image 2025-10-10 at 5.16.55 PM (2)

ফরিদা আখতার বলেন, ডিম এমন একটি সাশ্রয়ী খাবার যা দেশের প্রায় সব শ্রেণীর মানুষের নাগালের মধ্যে। গরুর মাংস সবাই কিনতে না পারলেও ডিম সবার জন্য সহজলভ্য। শিশুর পুষ্টি নিশ্চিত করতে ছয় বছর বয়সের আগেই প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা দরকার, তাই স্কুলের খাবারে ডিম যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো জানান, দেশের ৮০ শতাংশ ডিম আসে প্রান্তিক খামারিদের কাছ থেকে, যাদের অনেকেই গ্রামীণ দরিদ্র নারী। তারা নিজেদের পরিবারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পুষ্টি সরবরাহেও অবদান রাখছেন।

পুষ্টি বিষয়ে তিনি বলেন, আমাদের সম্পূর্ণ খাদ্যাভ্যাসে ডিমের গুরুত্ব তুলে ধরতে হবে। এখন ক্যান্সার বাড়ছে—ডিম খেলে ক্যান্সার কমে, বার্তাটি সবাইকে জানাতে হবে।

WhatsApp Image 2025-10-10 at 5.16.55 PM (1)

কৃষিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে মুরগি পালন হুমকির মুখে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। পাশাপাশি হাওড় অঞ্চলের হাঁসের ডিম নিয়ে প্রচার বাড়ানোর আহ্বান জানান। মৌসুমভেদে ডিমের দাম ওঠানামা করে তবে অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে অপ্রয়োজনে দাম বাড়ে বলেও জানান তিনি। তাই বাজার পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ওপর জোর দেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক ও ওয়াপসা বিবির সাবেক সভাপতি মসিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মাহমুদুল হাসান সিকদার।