জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এবার মারা গেছেন বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বণিক বার্তাকে বলেন, ‘ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি। আশা করছি, শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।’

রাজধানীতে ব্যাগ ধরে টান দিয়ে চলন্ত রিকশার যাত্রীকে ফেলে দেয়ার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের ১৯ মার্চ উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এলাকায় ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে মারা যান মুক্তা আক্তার (২১)। রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। গত জুনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই একই ধরনের ছিনতাইয়ের শিকার হন ওষুধ কোম্পানির কর্মকর্তা সোহেলী ইসলাম সোমা। মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে।

একই কায়দায় একের পর এক প্রাণহানির ঘটনায় রাজধানীতে মোটরসাইকেলনির্ভর ছিনতাই চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভোর বা ফাঁকা সড়কে চলন্ত রিকশার যাত্রীদের লক্ষ্য করে সংঘটিত এসব ঘটনায় শুধু সম্পদ হারানোর ঝুঁকি নয়, জীবনহানির আশঙ্কাও বাড়ছে।