বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার আরটি পিসিআর ল্যাবে ২৮ দিনের ব্যবধানে আবারো ত্রুটি দেখা দিয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় আপাতত বন্ধ রয়েছে নভেল করোনাভাইরাস পরীক্ষা।

এদিকে বিভাগীয় শহর বরিশালে একমাত্র পিসিআর ল্যাবে ত্রুটি দেখা দেয়ায় আটকে গেছে সংগ্রহকৃত ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা। এর মধ্যে বিদেশীগামী ৩০ জনের নমুনা রয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরওয়ারের কাছে পিসিআর ল্যাবপ্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবীর একটি চিঠি পাঠান। ওই চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১ জানুয়ারি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা অ্যানালাইসিসের সময় অস্বাভাবিক রিডিং দেয়। পর্যবেক্ষণ করে দেখা যায় পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি (ঈড়হঃধসরহধঃরড়হ) হয়েছে। তাই সাময়িক সময়ের জন্য ল্যাবটি বন্ধ করে দেয়া হয়েছে।

ডা. একেএম আকবার কবীর জানান, বর্তমানে ওই ল্যাবে ৩৮৯টি নমুনা জমা আছে। এর মধ্যে ৩০টি নমুনা বিদেশগামীদের। জমাকৃত নমুনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে।

হঠাৎ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বিভাগের মধ্যে ভোলায় আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে দিনে একশর বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।

এর আগে গত ৩ ডিসেম্বর এই পিসিআর ল্যাবটি প্রথমবারের মতো অচল হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ওই সময় প্রায় এক সপ্তাহ করোনা পরীক্ষা বন্ধ ছিল। গত ৯ এপ্রিল শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের কার্যক্রম পুনরায় শুরু হয়।