দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়া।
গতকাল তিনি হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন। এ সময় বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার তাকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান। তারা সীমান্তের চেকপোস্ট গেটের ভারত অংশে এক বৈঠকে মিলিত হন। পরে দুই বাহিনী পরস্পরের মাঝে মিষ্টি ও ক্রেস্ট বিতরণ করে।
বৈঠকে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়ার নেতৃত্বে ভারতের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী, রায়গঞ্জ সেক্টেরের সেক্টর কমান্ডার এসএ শ্রীবাস্তব, পতিরাম-৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ভালেন্দু ত্রিবেদী উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলামসহ উভয় বাহিনীর কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকশেষে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক পাচারসহ সীমান্তকে সুরক্ষিত ও অপরাধমুক্ত রাখতে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্কোন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।










