শেরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শেরপুরের গতকাল যা ঘটেছে তা নিন্দনীয়। ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের আচরণ বিধিতে আছে সৌহার্দপূর্ণ আচরণ করতে। এ ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

বুধবার বিকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে 'নির্বাচনী ইশতেহার পাঠ' অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাতবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। এক পর্যায়ে তা সংঘাতে রূপ নেয়। এতে জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।