বরিশাল নগরীর আলেকান্দা ১৪ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনি এলাকায় বিসিসির পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার। গতকাল বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। নিহতের নাম মো. আমির গাজী (২৪)। তিনি নগরের আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার আলতাফ গাজীর ছেলে এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ জানুয়ারি নগরীর চিহ্নিত কিশোর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের বাবা আলতাফ গাজী বলেন, আমার ছেলে কবুতর ও পাখির একটি দোকান ছিল। ব্যবসার প্রয়োজনে একটি মোটরসাইকেল ব্যবহার করত সে। গত ২০ জানুয়ারি তার মোটরসাইকেলটি চুরি করে একদল কিশোর। খবর পেয়ে ২৬ জানুয়ারি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার মো. আসাদুজ্জামান বাদশার ওয়ার্কশপে গিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি খুঁজে পায় আমির। এ সময় এমরান ও হূদয়সহ কয়েকজন কিশোর তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় নিহতের মা খাজিদা সাতজনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ দুজনকে গ্রেফতার করলেও তারা বর্তমানে জামিনে। আমির গাজীর মৃত্যুর পর ৪ এপ্রিল তার মা খাদিজা বাদী হয়ে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।










