অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে বন বিভাগ। গত শনিবার গভীর রাতে সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় আটককৃতদের কাছ থেকে ছয় বোতল মাছ ধরার বিষ, সাত বস্তা নিষিদ্ধ জাল ও তাদের ব্যবহূত ট্রলারটি জব্দ করে বন বিভাগ। গতকাল বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণির ঘোল গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে বেল্লাল (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল (৩২), খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ইসরাফিল (৩০)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গত শনিবার রাতে নিয়মিত টহলের সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ তিনজনকে আটক করে। ট্রলার তল্লাশি করে ছয় বোতল মাছ ধরার বিষ ও সাত বস্তা নিষিদ্ধ জাল জব্দ করেন বনরক্ষীরা। গ্রেফতারকৃতদের সুন্দরবনে প্রবেশের কোনো পাস পারমিট ছিল না। অবৈধভাবে তারা বিষ দিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও আদালতে সোপর্দ করা হয়েছে।