প্রথমবারের মতো নারী ছাত্র উপদেষ্টা পেল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। নতুন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদের স্থলাভিষিক্ত হলেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন ছাত্র উপদেষ্টা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ অসুস্থ হওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়। প্রতিবাদে ভিসির পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

গত ২৬ জানুয়ারি ভোর ৪টার দিকে জাফর ইকবাল দম্পতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য অনুরোধ করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের ডাকে সাড়া দিয়ে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে অনশন ভাঙেন। দাবি মানার আশ্বাসের পর থেকে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসলেও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এসময় শিক্ষার্থীরা গণমাধ্যমে আরো কিছু দাবির কথা জানান। সেই দাবির মধ্যে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমদকে অব্যাহতি বিষয়টিও ছিল।