২৬ দিন ছুটি শেষে রোববার (২১ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

শুক্রবার সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হতে পারে। তাই দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসায় আগামী ৭ দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।

তবে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশির) সঙ্গে যোগাযোগ করে জানা যায়, স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে বৃহস্পতিবার মাউশির সর্বশেষ সভায় তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের রক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।