নভেল করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়তে থাকায় বগুড়া পৌর ও সদর উপজেলা এলাকায় সাতদিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। গতকাল রাত ১২টা থেকে এ লকডাউন কার্যকর হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। পাশাপাশি বগুড়া সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বাড়ছে। যে কারণে বগুড়ার গ্রামাঞ্চলে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করেছে। এ অবস্থায় গতকাল মধ্যরাত ১২টা থেকে বগুড়া পৌরসভা এলাকায় সাতদিনের জন্য কঠোর লকডাউন কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই মধ্যে করোনা প্রতিরোধে গঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। লকডাউন চলাকালীন পৌরসভা এলাকায় দূরপাল্লার যানসহ জেলার অভ্যন্তরীণ যানবাহনও প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও পৌরসভা এলাকা থেকে কোনো যানবাহন বের হতে পারবে না। অর্থাৎ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। দোকানপাটও বন্ধ থাকবে। শুধু জরুরি সেবা খোলা থাকবে। এ আদেশ ২৮ জুন রাত ১২টা পর্যন্ত মোট সাতদিন বলবৎ থাকবে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরো দুজন করোনায় প্রাণ হারিয়েছেন। তারা হলেন বগুড়া শহরের সূত্রাপুরের নজরুল ইসলাম (৭৪) এবং নাটোর জেলার গুরুদাসপুরের ছহির উদ্দিন (৬০)। তাদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সিরাজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং ছহির উদ্দিন টিএমএসএস হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেরদিন জেলায় তিনজনের প্রাণহানি ঘটে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১২৫ নমুনার ফলাফলে নতুন করে ৪১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩২ দশমিক ৮ শতাংশ। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে সদরে ৩৪ জন। গতকাল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।