বৃষ্টির পূর্বাভাস ছিল। তবু আশা ছিল, যদি কার্টেল ওভারেও খেলা মাঠে গড়ায়। কিন্তু বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা কিউইরা ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর ফের বৃষ্টি নামে। মাঝে খানিক আশা জাগলেও পরে আবারো বৃষ্টি নামলে সেই আশাও ভেসে যায়। রাত ৯টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

বেলা ২টায় খেলা শুরু হলে ৪.৩ ওভারে কিউইরা ৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে পুনরায় খেলা শুরু হয়। বৃষ্টির কারণে সোয়া ২ ঘণ্টা নষ্ট হওয়ায় ম্যাচ কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির পর দ্রুতই কিউইদের দুই উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। উইল ইয়াং ও হেনরি নিকোলস তৃতীয় উইকেটে স্থিতি আনেন। দলীয় ১১৩ রানে নিকোলসকে (৪৪) ফিরিয়ে এ জুটি ভাঙেন মুস্তাফিজ। এরপর একই ওভারে উইল (৫৮) ও রাচিন রবীন্দ্রকে (০) সাজঘরে ফেরান স্পিনার নাসুম আহমেদ। মুস্তাফিজ ২৭ রানে তিনটি ও নাসুম ২১ রানে দুটি উইকেট নেন। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।