দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভায় জন্মনিবন্ধন ও সংশোধন নিয়ে ভোগান্তি চরমে পৌঁছেছে। সার্ভার জটিলতাসহ নানা কারণে দিনের পর দিন এ জটিলতা সহ্য করছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। ভোগান্তি নিরসনে জন্মনিবন্ধন সনদ প্রদান পদ্ধতি দ্রুত সহজ করার দাবি করছেন তারা।

পৌরসভার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্তানকে স্কুলে ভর্তি, করোনাভাইরাস প্রতিরোধক টিকা নেয়াসহ বিভিন্ন কারণে জন্মনিবন্ধন প্রয়োজন হচ্ছে তাদের। কিন্তু নির্ধারিত সময়েও তারা এ সনদ পাচ্ছেন না। এমনকি ভুল সংশোধন করতে দেয়ার পরও সনদ পেতে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে তাদের।

পৌরসভার জন্মনিবন্ধন শাখার দায়িত্বরত শামীম আহসান বলেন, আগে যেভাবে সহজেই মানুষকে আমরা জন্মনিবন্ধন সনদ দিতে পারতাম, নতুন সার্ভারের কারণে সেভাবে দেয়া সম্ভব হচ্ছে না। এতে স্কুল-কলেজে ভর্তি, পরীক্ষার ফরম পূরণ, টিকাদানের কাজে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হলেও সার্ভার জটিলতার কারণে শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সার্ভার আপডেট করা হলে এ সমস্যার নিরসন সম্ভব বলে তিনি আশা করেন।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন বলেন, অনেকেই ভুলক্রমে হাতে লেখা জন্মনিবন্ধন নিয়ে আসছে। ফলে সার্ভারে তাদের নামের বানান, জন্মতারিখ ও ঠিকানায় ভুল থেকে যাচ্ছে। যে কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। সরকার ছয় মাস সময় দিলে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।