পাকিস্তান ও শ্রীলংকার যৌথ আয়োজনে শুরু হলো ষোড়শ এশিয়া কাপ ক্রিকেট। গতকাল পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে নবাগত দল নেপালকে ২৩৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও ইফতিখার আহমেদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪২ রানের সৌধ গড়ে বিশ্বের ১ নম্বর র‍্যাংকধারী পাকিস্তান। জবাবে আইসিসি র‍্যাংকিংয়ের ১৫ নম্বর দল নেপাল ২৩.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায়। এদিকে, আজ পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নামা নেপাল শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত সূচনা করে। ২৫ রানের মধ্যে ফখর জামান ও ইমাম-উল-হককে সাজঘরে ফেরানো হয়। কিছুটা বিরতি দিয়ে আবারো জোড়া আঘাত (মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান)। ম্যাচের এ পর্যায়ে সমানে সমান লড়ে নেপাল। যদিও এরপর ব্যবধান গড়ে দিলেন বাবর আজম ও ইফতিখার আহমেদ। তারা পঞ্চম উইকেটে ২১৪ রান যোগ করেন, যা ওয়ানডেতে পাকিস্তানের হয়ে রেকর্ড। এর আগের সর্বোচ্চ ১৭৬ রান করেছিলেন ইউনুস খান ও উমর আকমল। অধিনায়ক বাবর ১৩১ বলে ১৪টি চার ও চারটি ছক্কায় ১৫১ রানের রাজসিক ইনিংস খেলে সোমপাল কামির শিকার হন। যদিও ইফতিখারকে কেউ আউট করতে পারেননি। মাত্র ৭১ বলে তিনি ১১টি চার ও চারটি ছক্কায় ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩৪২ রান করে পাকিস্তান। 

এরপর পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে প্রতিপক্ষকে ১০৪ রানের মধ্যে অলআউট করে স্বাগতিকরা। স্পিনার শাদাব খান ২৭ রানে চারটি এবং পেসার জুটি হারিস রউফ ১৬ রানে ও শাহিন শাহ আফ্রিদি ২৭ রানে দুটি করে উইকেট নেন। 

এদিকে, আজ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলেতে লড়বে সাকিব আল হাসানের বাংলাদেশ। তবে অসুস্থতার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। তার জায়গায় জরুরি ডাক পেয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। লিটনের মতো ডানহাতি ব্যাটার ও উইকেটকিপার হওয়ায় তাকে দলে ডাকা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে এনামুল আজ খেলবেন কিনা সেটি অবশ্য নিশ্চিত নয়। নাঈম শেখের সঙ্গে ওপেন করতে পারেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম।