বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, দেশের অর্ধেক মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে রয়ে গেছে। সংস্থাটির ‘আইসিটি অ্যাক্সেস অ্যান্ড ইউজ সার্ভে ২০২৫-২৬’ (প্রথম প্রান্তিক, জুলাই-সেপ্টেম্বর) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ৪৮ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে এ হার ছিল ৪৪ দশমিক ৫ শতাংশ।

জরিপে দেখা যায়, দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবারে অন্তত একটি মোবাইল ফোন রয়েছে এবং ৭২ দশমিক ৪ শতাংশ পরিবারের স্মার্টফোন রয়েছে। অন্যান্য প্রযুক্তি পণ্যের মধ্যে ৫৮ দশমিক ৯ শতাংশ পরিবারে টেলিভিশন রয়েছে। তবে রেডিও ব্যবহারের হার কমে ১৫ দশমিক ১ শতাংশে নেমে এসেছে এবং মাত্র ৯ দশমিক ১ শতাংশ পরিবারে কম্পিউটার রয়েছে। বিদ্যুৎ সুবিধা প্রায় সবার কাছে পৌঁছে গেছে, যা দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবারের কাছে পৌঁছেছে।

জরিপে স্মার্টফোন মালিকানার ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে একটি ব্যবধান লক্ষ্য করা গেছে। শহর এলাকায় ৮০ দশমিক ৮ শতাংশ পরিবারের কাছে অন্তত একটি স্মার্টফোন রয়েছে, যেখানে গ্রামাঞ্চলে এই হার ৬৮ দশমিক ৮ শতাংশ।

জাতীয় আইসিটি নীতিমালা প্রণয়নসহ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এবং এসডিজি ট্র্যাকারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে তথ্য প্রদানের লক্ষ্যে বিবিএস দেশজুড়ে প্রায় ৬১ হাজার ৬৩২টি পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে।

প্রতিবেদন অনুযায়ী, অনলাইন সেবা ক্রমশ শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনীতি এবং সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ পাঁচ বছর ও তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। পরিবার পর্যায়ে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রায় ৫৬ দশমিক ২ শতাংশ পরিবারে অন্তত একজন ইন্টারনেট ব্যবহারকারী ছিল।

ব্যক্তি পর্যায়ে জরিপে দেখা গেছে, ৮০ দশমিক ৬ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, তবে ৫৬ দশমিক ৫ শতাংশ মানুষের নিজস্ব হ্যান্ডসেট রয়েছে।

মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নারী ও পুরুষের হার প্রায় সমান (পুরুষ ৮০ দশমিক ৯ শতাংশ এবং নারী ৭৮ দশমিক ৮ শতাংশ)। তবে নিজস্ব হ্যান্ডসেট মালিকানা এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য লক্ষ্য করা গেছে।

প্রায় ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষের নিজস্ব মোবাইল ফোন রয়েছে, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার ৫২ দশমিক ৮ শতাংশ। ইন্টারনেটের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে যেখানে ৫১ দশমিক ২ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারীদের হার ৪৬ দশমিক ৩ শতাংশ।