বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় রচনা রাণী রুপা (২২) নামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দররের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। রচনা রাণী একই গ্রামের অনিক অধিকারীর স্ত্রী। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় স্বামী ও দেবরকে পুলিশ আটক করেছে।
জানা যায়, তিন বছর আগে গাইবান্ধার সাঘাটা উপজেলার কদম শহর গ্রামের রতন চন্দ্রের মেয়ে রুপার সঙ্গে অনিকের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে তাকে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
গতকাল বগুড়ার শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, গৃহবধূর বাবার বাড়ির লোকজনের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।










