যশোরের বেনাপোল বন্দর দিয়ে সরকারের বিশেষ অনুমতির ৩ হাজার ৯৫০ টন ইলিশের মধ্যে গত দুদিনে ১১৭ টন ৯০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। তবে পূজার আগে পদ্মার ইলিশ পেয়ে ভারতীয়রা খুশি হলেও রফতানিতে দেশে সংকট দেখিয়ে দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে যশোরে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত।
বড় বাজারের ক্রেতা রফিকুল হাসান ইলিশ কিনতে না পেরে ক্ষোভ করে জানান, এ বছর এখনো ইলিশ কিনতে পারেনি। ভেবেছিলেন সন্তানদের শখ মেটাতে ছোট একটা কিনবেন। কিন্তু বাজারে এসে দেখেন দাম দ্বিগুণ। আর ইলিশ কেনা হলো না তার।
ইলিশ বিক্রেতা মাহমুদ জানান, ভারতে ইলিশ রফতানির কারণে সংকট বেড়েছে। বেশি দামে কিনতে হওয়ায় বিক্রি করতে হচ্ছে বেশি দামে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা ও ৫০০ গ্রামের ইলিশের দাম ১ হাজার ২০০ টাকা।
তবে ভারতীয় ইলিশ আমদানিকারকরা জানান, দুই দেশের সুসম্পর্কের কারণে এবারো পূজার আগে বাংলাদেশী ইলিশ এসেছে। গতকাল বিকালে বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, গত বৃহস্পতিবার থেকে সরকারের বিশেষ অনুমতির ইলিশ রফতানি শুরু হয়েছে। গত দুদিনে (বৃহস্পতিবার ও শনিবার) ১১৭ টন ৯০০ কেজি ইলিশ ভারতে গেছে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করবে দেশের ৭৯টি রফতানিকারক প্রতিষ্ঠান।
পূজা উৎসবে পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় পদ্মার ইলিশ। সারা বছর তারা অপেক্ষায় থাকে পূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ আসবে, আর তারা অতিথিদের প্লেটে ইলিশ তুলে দেবে। তবে ইলিশ আহরণ কমে যাওয়ায় বাংলাদেশ সরকার ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ করে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আর দীর্ঘদিনের বন্ধুত্বের ধারাবাহিকতায় সরকার ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে আবারো নির্দিষ্ট হারে ইলিশ রফতানি করে আসছে।










