বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল দুপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে কৃষি শ্রমিক মাসুদ রানার (৩৮) মৃত্যু হয়েছে। নিহত মাসুদ উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিণপাড়ার মৃত ময়নাল মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধান মাড়াইয়ের কাজ করে আসছিল নিহত মাসুদ। গতকাল দুপুর ১২টার দিকে মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের ধান মাড়াই করার জন্য রওনা হয়। যাওয়ার পথে শেরপুর-ধুনট সড়ক থেকে রাজ্জাকের জমি অনেকটা নিচু হওয়ায় ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর প্রয়োজন হয়। এ সময় মাসুদ ধান মাড়াই যন্ত্রটি নিচে নামাতে শুরু করেন। নিচে নামানোর সময় মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ধান মাড়াই মেশিনের মালিক মাসুদ মেশিনের নিচে চাপা পড়েন। মাসুদ চাপা পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তকে মৃত ঘোষণা করেন। বগুড়ার শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাটি জেনেছি।