পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ
ফারুক শামীম বলেছেন, আমি এমপি হয়েছি গম চুরি করতে নয়, জনসেবা করতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে সমৃদ্ধিশালী দেশে পৌঁছাবে বাংলাদেশ। সে লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
গতকাল সকালে বরিশাল সদর উপজেলা কাশিপুর ইউনিয়নে সারশী বাজার মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব
কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি গম চুরি করি না, টিআর-কাবিখার টাকা পকেটে ঢুকাই না। এগুলো যে কাজের জন্য দেয়া হয় সে কাজেই ব্যবহার করি। আমি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমার হাতে হাজার হাজার কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া হয়। কিন্তু কেউ বলতে পারবে না আমি কোনো টেন্ডারবাজি করেছি বা কোথাও দিয়ে টাকা তছরুপ করেছি। কারণ আমি বিশ্বাস করি, আমি মন্ত্রী হই আর যা-ই হই, মারা গেলে সাড়ে তিন হাত মাটির ভেতর থাকতে হবে। মন্ত্রীর জন্য সাড়ে তিন হাত মাটি সাড়ে পাঁচ হাত হয় না। তাই এসব চুরি-চামারি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি।
তিনি আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের খেদমত করা আমার দায়িত্ব-কর্তব্য। এজন্যই আপনাদের সমস্যা আমার জানা আছে। এই সদর উপজেলায় বিভিন্ন প্রকল্প নেয়া আছে। যার মধ্যে ৬৪ রাস্তার প্রকল্প নেয়া আছে, এর অনুমোদন হলে সদর উপজেলার সব রাস্তার কাজ শুরু হয়ে যাবে। তালতলী বাজারে একটা মডেল মসজিদ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এটাসহ গোটা বাংলাদেশে ৪৬০টি মডেল মসজিদ বানানোর নির্দেশ দিয়েছেন। এগুলো খুবই দৃষ্টিনন্দন মসজিদ হবে। যারা হজ করতে যাবেন তাদের এখানে প্রশিক্ষণ দেয়া হবে, লাইব্রেরি থাকবে, কোরআন শিক্ষা দেয়া হবে, একসঙ্গে অনেকে লোকের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর আমির উদ্দিন মোহন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহিদ মোল্লা প্রমুখ।










