রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা শহরের পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাবিপ্রবি উপাচার্য এবং রিজেন্ট বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা সভাপতির বক্তব্যে বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের একাংশ। তার ঐকান্তিক প্রচেষ্টা, সদিচ্ছা ও এখানকার জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে এ বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখত না।

সভায় রিজেন্ট বোর্ডের সচিব রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমার সঞ্চালনায় বোর্ডের কার্যক্রম শুরু হয়। এ সময় বোর্ড সদস্য রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া এবং রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনাক্রমে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত লোগোসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চাকরিসংক্রান্ত নিয়োগ, স্থায়ীকরণ, পর্যায়োন্নয়নসহ বিবিধ নীতিমালা অনুমোদন প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইনে বিধৃত বিভিন্ন কমিটিতে সদস্য মনোনয়নের বিষয়ে উপাচার্যকে দায়িত্ব প্রদানসহ শিক্ষক/কর্মচারীদের বেতন সমন্বয়ের প্রস্তাব অনুমোদিত হয়।