ভুটান সফর শেষে ঢাকায় ফিরতি যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিমানবন্দরে তার সঙ্গে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মানোন্নয়নে গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন ফিফার এ শীর্ষ কর্মকর্তা।

দুইদিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার আগে ঢাকায় ট্রানজিট নিয়েছিলেন ইনফান্তিনো। এবার ফেরার পথেও ঢাকায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তিনি।

জাপানের টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। তার অনুপস্থিতিতে ঢাকার বিমানবন্দরে ফিফা সভাপতিকে বাফুফের পক্ষে অভ্যর্থনা জানান দুই সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম।

সাক্ষাতের বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মানোন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’

দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাফুফের এ সহসভাপতি।

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’