ভোক্তা পর্যায়ে চলতি মাস ডিসেম্বরে অপরিবর্তিত থাকছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজির) দাম। নভেম্বর মাসের মতো এ মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গ্যাসের এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম ১২১ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসেও একই মূল্য ছিল গ্যাসের। এ মূল্যহার অনুযায়ী অন্যান্য পরিমাণের সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে।

ডিসেম্বর মাসে যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৬৬ টাকা ৮১ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা ৪৩ পয়সা। এ মূল্য গত মাসেও সমপরিমাণ ছিল।

সৌদি আরামকোর ঘোষিত মূল্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করা হয়। গত মাসে প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম ছিল ৬৩১ দশমিক ৭৫ ডলার। চলতি মাসে সে দাম অপরিবর্তিত থাকায় বাংলাদেশে গ্যাসের দামও অপরিবর্তিত থাকছে বলে জানায় বিইআরসি।