যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী বিথীকা শিকদারের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে কর্মরত থাকা অবস্থায় অবৈধভাবে ১ কোটি ৪৪ লাখ টাকা উপার্জনের তথ্য প্রমাণ হওয়ায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দায়ের করা দুর্নীতির মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন গতকাল যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। আগামী ১০ সেপ্টম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। অভিযুক্ত অমল কুমার বিশ্বাসের স্ত্রী বিথীকা শিকদার গৃহিণী। বিথীকা শিকদার মাগুরা জেলার শালিখা আসনের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বোন।
দুদক সূত্রে জানা গেছে, আসামিরা জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা উপার্জন করেছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করে দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইনের একাধিক ধারায় এ চার্জশিট দাখিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘মামলার তদন্তে জানা গেছে, অমল কুমার বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে দায়িত্বে থাকার সময়ে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে স্ত্রীর নামে দিয়েছেন। নিজের নামেও রেখেছেন। দুজনের অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। দুদকের এ মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।’










