বাংলাদেশের জনশক্তির এক-তৃতীয়াংশ যুব। এই যুবদের মধ্যে বৃহৎ একটি অংশ কর্মসংস্থানের বাইরে রয়েছে। ফলে যুব শক্তির ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে না। কেননা, যুব শক্তির ক্ষমতায়ন মানে তার আর্থিক সক্ষমতা অর্জন।
আজ রোববার (১০ আগস্ট) বণিক বার্তা কার্যালয়ে 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি' শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব বলেন বক্তারা। যৌথভাবে বৈঠকটির আয়োজন করেছে বণিক বার্তা ও পিএসটিসি। এর সহযোগিতায় রয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) সাউথ এশিয়ান অঞ্চল ও টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের (গাজীপুর) সহকারী পরিচালক আমান উল্লাহ দরজী বলেন, যুবদের দক্ষতার উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করছে অধিদপ্তর। যুব শক্তির ক্ষমতায়নের জন্য প্রয়োজন তার আর্থিক সক্ষমতা। যখনই যুবরা আর্থিক সক্ষমতা অর্জন করতে পারবে তখনই আমরা যুব শক্তির ক্ষমতায়ন নিশ্চিত করতে পারব।
তিনি আরো বলেন, কীভাবে গ্রাম থেকে শহর পর্যায়ে যুবশক্তির সবাইকে একসঙ্গে এগিয়ে নেয়া যায় তা নিয়ে অধিদপ্তর কাজ করছে। আমরা ৭৫ লাখের বেশি তরুণকে প্রশিক্ষণ দিয়েছি। দেশের ১৮-৩৫ বছর বয়সীরা বেকার না, তারা কর্মপ্রত্যাশী।
পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।










