বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা তারেক সিদ্দিকীকে আসামি করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম থেকে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মানোয়ার হোসেন (এম এইচ) তামিম।
জানা গেছে, এ মামলায় শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককেও আসামি করা হয়েছে। তবে এখনও সবার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন।
এর আগে, ৬ অক্টোবর গুমের মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, খুব তাড়াতাড়ি এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি। অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।










