চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের আগেই ২.৩৩৫ কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামে এক অভিযানে এসব স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মো. হারুন নামের এক ব্যক্তির বাড়ির পাশের একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন পালিয়ে যায়। পরে গোয়ালঘরের ভেতরে ঝোলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে দেখা যায়, কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২.৩৩৫ কেজি ওজনের চারটি স্বর্ণের বার রয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার প্রক্রিয়া চলছে।