বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় এফবি মা-বাবার আশীর্বাদ-১২ নামের একটি মাছধরা ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার নিকট থেকে তাদের আটক করে মোংলা কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পান সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা। এ সময় কোস্টগার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই মাছধরা ট্রলারটিকে আটক করেন। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হবে।