বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রফতানি সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশটিতে সফর করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি বাণিজ্য প্রতিনিধিদল (ডিসিসিআই)। ৩৯ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর দলটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর করবে। দেশটিতে বাংলাদেশের হাইকমিশন প্রতিনিধিদলের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে।

সফরকালে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা ও বিটুবি (বিজনেস-টু-বিজনেস) সেশনে অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশী উদ্যোক্তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন।

এছাড়া ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হালাল পণ্যের বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের হালাল শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। সফরকালে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ডিসিসিআই নেতাদের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশী শ্রমিকদের মধ্যে ৩৭% বাংলাদেশী, যারা ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩.৪০ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স বাংলাদেশে প্রেরণ করেন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ২২৯৩ ও ২৮২ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও মালয়েশিয়ার উদ্যোক্তারা ইতোমধ্যে বাংলাদেশে ৭৫৫.৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে, যার মধ্যে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইল প্রভৃতি খাত উল্লেখযোগ্য।

ডিসিসিআই’র প্রতিনিধিদলটি আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।