কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে চলতি মূলধন জোরদার করার লক্ষ্যে জারি করা পুনঃ অর্থায়ন তহবিলের সুবিধা এখন থেকে দেশের ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্যও প্রযোজ্য হবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সব ফাইন্যান্স কোম্পানি পুনঃঅর্থায়ন গ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে এ তহবিলের আওতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে যোগ্যতা অর্জন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে, আবেদনকারী কোম্পানিগুলোর শ্রেণীকৃত ঋণের হার সর্বোচ্চ ১০ শতাংশ হতে পারবে; বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হারে মূলধন পর্যাপ্ততা, নগদ সংরক্ষণের হার (সিআরআর) এবং বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণের হার (এসএলআর) যথানিয়মে সংরক্ষণ করতে হবে; একক গ্রাহকের বা গোষ্ঠীর ক্ষেত্রে বিনিয়োগ সুবিধার সর্বোচ্চ সীমা সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে; ঝুঁকি ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং প্রতিরোধ সম্পর্কিত বিধি-বিধানের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ এবং ন্যূনতম ৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া পুনঃঅর্থায়নের জন্য আবেদনকারী ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণ-আমানত অনুপাত, তারল্য অবস্থা ইত্যাদিও যাচাই করা হবে পুনঃঅর্থায়ন অনুমোদনে।










