বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক বছরগুলোয় সাফল্য যতটুকু তা এসেছে নারীদের হাত ধরে। গত বছর সাবিনা খাতুনরা প্রথমবারের মতো দেশকে এনে দেন সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা। এছাড়া গত চার-পাঁচ বছরে বয়সভিত্তিক ফুটবলে অসংখ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিন্তু আশা-ভরসার সেই নারী ফুটবলে গতকাল বিভীষিকাময় একদিন কেটেছে। চীনের গুয়াংজুতে চলমান এশিয়ান গেমসের নারী ফুটবলে জাপানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। একই দিন ভিয়েতনামে এএফসি অ-১৭ মহিলা এশিয়ান কাপে (রাউন্ড-২) ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোরীরা। 

নারীদের সিনিয়র ফুটবলে জাপান বিশ্বের পরাশক্তি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এ বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে জাম্বিয়াকে ৫-০ গোলে, কোস্টারিকাকে ২-০ গোলে ও পরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া স্পেনকে ৪-০ গোলে হারায়। ব্লু সামুরাইরা শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে দেয়। যদিও শেষ আটে তারা হার মানে সুইডেনের কাছে।

শক্তিশালী জাপানের অলিম্পিক দলের সঙ্গে এশিয়ান গেমসের ম্যাচ নিয়ে সাবিনা খাতুনরা বলেছিলেন, জাপানের মতো নারী ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলা বিরাট এক অভিজ্ঞতা। কোচ সাইফুল বারী ম্যাচের আগের দিন বলেছিলেন, যতটা সম্ভব ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চান। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর করতে পারলেন কই! ম্যাচে সাবিনারা হেরে গেছেন ৮-০ গোলের বিশাল ব্যবধানে।

ওয়েংজু অলিম্পিক স্পোর্টস স্টেডিয়ামে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ হজম করে চার গোল। ম্যাচের ৮ মিনিটেই ব্যবধান ২-০! এরপর ২৯ ও ৪৫ মিনিটে আরো দুই গোল হজম করেন কৃষ্ণা, সানজিদারা।