বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ওএসপি এসইউপি এডব্লিউসি পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স করপোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় ও ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ১৪ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া; সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা; অংশগ্রহণকারী খেলোয়াড়রা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। —আইএসপিআর