লকডাউনের মধ্যেই দোকান খুলেছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম পুজাতলা এলাকার মুদি দোকানি ও বিকাশ এজেন্ট আবদুল্লাহ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দোকানে বসে হিসাব-নিকাশ করছিলেন তিনি। এ সময় সেখানে একটি মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তারা দোকান খোলার অভিযোগে আব্দুল্লাহকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন। পরে তারা তার কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন। আরো ২০ লাখ টাকা দাবি করে তাকে বেদম মারধরও করা হয়।
এদিকে ঘটনার পর পরই এলাকাবাসী অপহরণকারীদের সহযোগী গোগ্রাম পুজাতলা এলাকার আবদুল আলীমের বাড়ি ঘেরাও করে। পরে আবদুল আলীম অপহরণকারীদের ফোন দিলে তারা আবদুল্লাহকে ওই রাতেই উপজেলার ঝিকড়া এলাকার ফাঁকা জায়গায় হাতকড়া খুলে নামিয়ে দেয়। তার দুটি মোবাইলও কেড়ে নেয়া হয়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ মাইক্রোবাসটি আটক করে। গ্রেফতার করা হয় এর চালক মাসুম হোসেনকে। তবে তার তিন অপহরণকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আবদুল্লাহ বৃহস্পতিবার রাতেই কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।










