বগুড়ায় ২০০ টাকা ধার দিয়ে সেই টাকা চাওয়া নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টায় জেলার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত আব্দুস সালাম (১৯) ওই গ্রামের সাজু প্রামাণিকের ছেলে। গতকাল দুপুরে স্থানীয়রা ঘাতক জীবন মিয়াকে (২২) গ্রামের মাঠের মেশিন ঘরে লুকিয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ওই স্থান থেকে জীবনকে গ্রেফতার করে।
জানা যায়, গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের নিহত আব্দুস সালাম ও তার প্রতিবেশী বন্ধু জীবন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। কিছুদিন আগে জীবন তার বন্ধু সালামের কাছ থেকে ২০০ টাকা ধার নেয়। টাকা নেয়ার পর থেকে সে সালামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। শুক্রবার রাতে সালাম তার বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা ফেরত চায়। টাকা না দিলে সে জীবনের মোবাইল ফোন নিয়ে নেয়ার হুমকি দেয়। এ সময় জীবন কৌশলে টাকা দেয়ার কথা বলে সালামকে কিছু দূরে নিয়ে গিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সালামের চিত্কারে এলাকার লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ছুরিকাহত সালামকে হাসপাতালে নেয়ার পথে সে তার পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত ঘটনা বলেছে। বিষয়টি জানার পর অভিযুক্ত জীবনকে গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান শুরু করে। পরে তাকে গ্রামের মাঠের একটি শ্যালো মেশিন ঘর থেকে গ্রেফতার করা হয়েছে। জীবন বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের আবুল হোসেনের ছেলে। হত্যার ঘটনায় নিহত আব্দুস সালামের পিতা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।










