আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের প্রস্তুতি সারল দক্ষিণ আফ্রিকা। আগামী বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা।
আহমেদাবাদে গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৪৪ রানে অলআউট আফগানিস্তান। ১১৬ রানে ৬ উইকেট পতন হলে আজমতুল্লাহ ওমরজাই ৯৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এরপর আফগান বোলাররা ১৮২ রানে ৫ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের পরীক্ষার মুখে ফেলেন। যদিও আটকানো যায়নি তারকাখচিত দলটিকে। রাসি ফন ডার ডুসেন (৭৬*) ও আন্দিলে ফেলুকায়োর (৩৯*) ব্যাটে ১৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে তারা। এর আগে কুইন্টন ডি কক ৪১, এইডেন মার্করাম ২৫, ডেভিড মিলার ২৪ ও তেম্বা বাভুমা ২৩ রান করেন। মোহাম্মদ নবি ও রশিদ খান দুটি করে এবং মুজিব উর রহমান একটি উইকেট নেন।










