যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বারসহ দুই চোরাচালানিকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। 

আটককৃতরা হলেন মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন।

৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার বিকালে বড় আন্দুলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেলে চৌগাছা থেকে সীমান্তের দিকে আসতে দেখে টহল দল তাদের থামার সংকেত দেয়। চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর রাস্তায় আরেকটি দল মোটরসাইকেলসহ আটক করে। পরে বিজিবি টহল দল তাদের তল্লাশি করে একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করে।