আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি বেন স্টোকস। ওই ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংলিশরা এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। যদিও আগামীকাল ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এ তারকার খেলা অনিশ্চিত।
অবসর ভেঙে ইংল্যান্ডের বিশ্বকাপের দলে ফেরা স্টোকস হিপ ইনজুরিতে পড়েছেন, যা থেকে তিনি সেরে ওঠার পথে। তবে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে টুর্নামেন্টের শুরুর দিকেই ঝুঁকি নিতে চায় না। সঙ্গে যোগ হয়েছে ধর্মশালার ঝুঁকিপূর্ণ আউটফিল্ড ইস্যু।
গতকাল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নেটে কিছু সময় ব্যাটিং করেন ৩২ বছর বয়সী স্টোকস, পরে হালকা রানিং করেন। এ সময় তাকে পুরোপুরি সাবলীল মনে হয়নি। আবার ধর্মশালার আউটফিল্ডও তার দলে ফেরার ক্ষেত্রে বিবেচনায় নেবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
ধর্মশালার আউটফিল্ড নিয়ে খুব সমালোচনা হচ্ছে। মনোমুগ্ধকর এ স্টেডিয়ামের আউটফিল্ডে বেশকিছু জায়গায় ঘাস উঠে গেছে ও বালি দৃশ্যমান। বাংলাদেশ ম্যাচে আফগান স্পিনার মুজিব উর রহমানের হাঁটু তো বালির নিচে ডেবে যায়, যে ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বড় ইনজুরি থেকে বেঁচে গেলেও আফগানিস্তান কোচ জোনাথন ট্রট এমন আউটফিল্ডের সমালোচনা করেন।
আফগানিস্তানের বিপক্ষে জয় শেষে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ধর্মশালার বিপজ্জনক আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ইংলিশরাও এ আউটফিল্ড নিয়ে চিন্তিত।
এদিকে আজ ধর্মশালায় সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুশীলন করবে ইংলিশ ক্রিকেট দল। এ মাঠে বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অনুশীলন করবে সাকিব আল হাসানের দল।
ধর্মশালায় গত শনিবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। এরপর ৯২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে সাকিব আল হাসানের দল। ব্যাট-বলে পারঙ্গমতা দেখিয়ে ম্যাচসেরা হন মিরাজ।
ইংলিশরা তাদের প্রথম ম্যাচে কিউইদের কাছে লজ্জাজনক হারের স্বাদ পায়। আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮২ রান তোলে ইংল্যান্ড। কিন্তু পৌনে তিনশ রান কিউইরা বাধাহীনভাবেই তুলে নেয়। মাত্র এক উইকেট হারিয়ে ৮২ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে কেন উইলিয়ামসনবিহীন নিউজিল্যান্ড।
চার বছর আগে লর্ডস ফাইনালে নাটকীয়ভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। সেই ফাইনালের পুনরাবৃত্তির ম্যাচে ইংলিশদের গুঁড়িয়ে দেয় কিউইরা। ধ্বংসস্তূপ থেকে তারা যখন ঘুরে দাঁড়াতে মরিয়া তখন সামনে উজ্জীবিত বাংলাদেশ। সাকিবরা নামবেন টানা দ্বিতীয় জয়ের খোঁজে। আগামীকাল বেলা ১১টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বৈরথ।










