প্রতি বছরই কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ নিষেধাজ্ঞাকালীন ভিজিএফ বরাদ্দের মাধ্যমে খাদ্যসহায়তা পান জেলেরা। বরাদ্দের আওতায় হ্রদ তীরবর্তী রাঙ্গামাটির আট উপজেলা এবং খাগড়াছড়ির দুই উপজেলার জেলেরা এ সহায়তা পান। তবে এ বছর হ্রদে মাছ আহরণের নিয়মতান্ত্রিক নিষেধাজ্ঞা আরো এক মাস বৃদ্ধি হওয়ায় বাড়তি মাসেও ৫০০ টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি বরাদ্দপত্র জারি করে। বরাদ্দপত্রে বলা হয়েছে, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন আগস্টের জন্য ২৫ হাজার ৩২টি মৎস্যজীবী পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০ টন বিশেষ ভিজিএফ (চাল) খাদ্যসহায়তা দেয়া হবে। বরাদ্দের আওতায় কাপ্তাই হ্রদ তীরবর্তী রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ১০ উপজেলার মৎস্যজীবী পরিবারপ্রতি ২০ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।

বরাদ্দপত্রে চলতি মাসের মধ্যেই আগস্টের বরাদ্দ উত্তোলন, বিতরণ ও নিরীক্ষার জন্য সংশিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে নিয়মতান্ত্রিক তিন মাস নিষেধাজ্ঞাকালীন ২৫ হাজার ৩১টি জেলে পরিবারের জন্য ১ হাজার ৩৩৫ টন ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দ দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাছ ধরা বন্ধকালীন তিন মাস সময়ের মধ্যে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়তি বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।