ফেনীতে আলোচিত কিশোর গ্যাং
সোয়াগ ৪৭ (SWAG 47) এর ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মধ্যম রামপুর থেকে গ্রেফতারের পর শুক্রবার (২৬ এপ্রিল)
দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেনী শহরের মধ্যম রামপুর রাস্তার
মাথায় অভিযান চালানো হয়। এ সময় ফেনীর
আলোচিত কিশোর গ্যাং সোয়াগ ৪৭ এর ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের
পকেট তল্লাশি করে ২টি চাকু উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানে গ্রেফতার
হয়েছেন সোনাগাজী উপজেলার বাদাদিয়া গ্রামের মো. মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জ
উপজেলার জরম নদী গ্রামের মো. মানিক (১৮), বারাহীগুনী গ্রামের মো. বাবু (১৯),
মিয়াজি সড়কের মো. আসিফ (১৮), পাঁচগাছিয়া গ্রামের মো. আরমান (১৯) এবং সুন্দরপুর
গ্রামের মো. সৈকত (১৭)।
ফেনী র্যাব-৭ এর
অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, সোয়াগ প্রাথমিক
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে সোয়াগ ৪৭ নামক কিশোরগ্যাং সদস্য বলে স্বীকার
করেছেন। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, র্যাবের হাতে গ্রেফতার
৬ জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়েছে।










