পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন ২০২৩ এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই তালিকা হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ ও শ্রমিক দলের নেতাকর্মী ও সক্রিয় সংগঠক ছিলেন। আন্দোলন-সংগ্রামের পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গড়ার যে ধাপ চলছে, তাতে শ্রমিক শ্রেণি মূল শক্তি হিসেবে কাজ করছে।
শিমুল বিশ্বাস আরো বলেন, যাদের শ্রমে-ঘামে দেশ সচল থাকে সেই শ্রমিক শ্রেণিই বাংলাদেশে সবচেয়ে বেশি বঞ্চিত ও অধিকারহারা। এই অধিকারহারা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফোটানো ও উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামই শ্রমিক শ্রেণির প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে শ্রমিক নেতারা দেশজুড়ে সফর করবেন এবং এর ধারাবাহিকতা পালন করবেন।
এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।










