ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সারাদেশের মানুষ। একইসঙ্গে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে সম্মিলিত একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ শামসুজ্জোহা মাজার চত্বরে এসে শেষ হয় মিছিলটি। পরে বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মশাল হাতে একটি মিছিল বের করেন তারা। সেখান থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসেই শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করেন তারা। এর আগে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মিছিলের স্থানে জমায়েত হন শিক্ষার্থীরা। মিছিলে অংশগ্রহণকৃত সংগঠনগুলোর মধ্যে ছিলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ইসকন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসন চালালে পৃথিবীর মানচিত্র থেকে সেভেন সিস্টারস বিচ্ছিন্ন করে দেবো। তারা ভুলে গেছে, এই ভূমি ক্ষুদিরামের, আবু সাঈদের, মুগ্ধের এবং আবরার ফাহাদের। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন তিন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কুমিল্লা
কুমিল্লায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় পূর্বালী চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট করে ভারত সরকারকে বলতে চাই, আমরা কখনো হিন্দুবিরোধী না। কিন্তু এভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকলে আর যদি বাংলাদেশের কোনো হাইকমিশনে আঘাত করা হয়, আমরা সারা বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।










