মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পক্ষের আটজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাত ৮টার দিকে ইউনিয়নটির মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধরা সবাই উজির আহমেদ পক্ষের। আহত ব্যক্তিরা হলেন সাইদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো করা হয়েছে। আহত ব্যক্তিদের সবার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মুন্সিকান্দি এলাকায় উজির আহমেদ পক্ষ ড্রেজারের পাইপলাইন টানে। দুইদিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা পাইপগুলো ভেঙে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত ৮টার দিকে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। সে সময় ওয়াহিদ পক্ষের ১০-১৫ জনের একটি দল উজির আহমেদ পক্ষের লোকজনের ওপর গুলি চালায় বলে অভিযোগ। এতে আটজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।










