বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষে নিহত হওয়া ১০টিরও বেশি মরদেহ এখনো ঢাকার হাসপাতালগুলোয় পড়ে রয়েছে। স্বজনদের কেউ মরদেহগুলো নিতে আসেননি। 

রাজধানী ঢাকায় মৃতদেহের ময়নাতদন্ত করা হয় তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। এগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পড়ে থাকা কোনো বেওয়ারিশ লাশ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত হাসপাতালে সাতটি অজ্ঞাত মরদেহ রয়েছে। এর মধ্যে দুটি হাসপাতালের মর্গের হিমঘরে, আর পাঁচটি কলেজের মর্গের হিমঘরে রয়েছে। এসব মরদেহ গ্রহণের জন্য কোনো স্বজন পাওয়া যায়নি। 

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ রয়েছে চারটি। এর মধ্যে তিনটি হাসপাতাল মর্গের হিমঘরে। আরেকটি কলেজ মর্গের হিমঘরে। 

কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় মরদেহগুলো সৎকারের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহ্বান জানিয়ে নোটিস বোর্ডে বিজ্ঞপ্তিও দিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ।

মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, ১৯ জুলাই হাসপাতালে চারটি মরদেহ আনা হয়। এছাড়া ৪ আগস্ট একটি ও ৫ আগস্ট ১৪টি মরদেহ আসে।